পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

হুইলচেয়ার-ট্রলি সেবা ২০২৬ । সরকারি হাসপাতালে ট্রলি বিনামূল্যে নিশ্চিত করার নির্দেশ?

দেশের সকল সরকারি হাসপাতালে রোগীদের জন্য হুইলচেয়ার ও ট্রলি সেবা বিনামূল্যে নিশ্চিত করার কঠোর নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও পুলিশের সহায়তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ০২ মার্চ ২০২৬ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি ‘অফিস আদেশ’ জারি করা হয়। উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই আদেশে ৭টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিনামূল্যে সেবা ও দৃশ্যমান নির্দেশনা

আদেশে বলা হয়েছে, এখন থেকে প্রতিটি সরকারি হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগের কাছাকাছি এমন স্থানে এগুলো রাখতে হবে যা সহজেই সাধারণ মানুষের নজরে আসে। এছাড়া, এই সেবাটি যে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে, তা লিখে হাসপাতালের দৃশ্যমান স্থানে নির্দেশনা টাঙিয়ে দিতে বলা হয়েছে।

নির্দিষ্ট পোশাকে সেবাকর্মী

হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয়রা যখন রোগীদের জন্য হুইলচেয়ার বা ট্রলি বহন করবেন, তখন তাদের অবশ্যই নির্ধারিত ইউনিফর্ম পরিহিত থাকতে হবে। কোনো বহিরাগত ব্যক্তি বা দালাল এই সেবা প্রদান করতে পারবে না। এছাড়া, এই সেবার বিনিময়ে কোনোভাবেই টাকা বা বকশিশ নেওয়া যাবে না।

দালাল নির্মূলে কঠোর ব্যবস্থা

হাসপাতালগুলোকে ‘দালাল-মুক্ত’ করার লক্ষ্যে আদেশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়:

  • দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে।

  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (Mobile Court) পরিচালনার ব্যবস্থা করতে হবে।

  • দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তাৎক্ষণিক কার্যকরের নির্দেশ

আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো সেবার জন্য বিধি-বহির্ভূত অর্থ আদায় বা বকশিশ চাওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সকল হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের অনুলিপি পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে সাধারণ রোগীদের হয়রানি কমবে এবং সরকারি চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *