এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ডিজিটাল বদলি যুগের সূচনা: প্রকাশিত হলো নতুন নীতিমালা ২০২৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে এখন থেকে স্বচ্ছ ও স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এই নীতিমালা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আবেদনের সাধারণ শর্তাবলী
নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষকদের বদলি প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে। প্রধান শর্তগুলো হলো:
চাকরির বয়স: প্রথম যোগদানের পর অন্তত ২ বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন।
বদলির সীমা: একজন শিক্ষক তার পুরো কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হওয়ার সুযোগ পাবেন।
পরবর্তী বদলি: একবার বদলি হওয়ার পর নতুন কর্মস্থলে কমপক্ষে ২ বছর কর্মরত থাকার পর পুনরায় আবেদনের সুযোগ মিলবে।
নিজ জেলায় অগ্রাধিকার: আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য প্রথম অগ্রাধিকার পাবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় অথবা স্বামী/স্ত্রীর নিজ জেলায় আবেদনের সুযোগ থাকবে।
অগ্রাধিকারের মানদণ্ড
একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদনকারী থাকলে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এক্ষেত্রে চারটি প্রধান বিষয় বিবেচনা করা হবে: ১. নারী আবেদনকারী: নারী শিক্ষকদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ২. দূরত্ব: বর্তমান কর্মস্থল থেকে কাঙ্ক্ষিত স্থানের দূরত্ব বিবেচনা করা হবে (দূরত্ব পরিমাপে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে)। ৩. স্বামী/স্ত্রীর কর্মস্থল: স্বামী বা স্ত্রী যদি সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে সেই এলাকাটিকে অগ্রাধিকার দেওয়া হবে। ৪. জ্যেষ্ঠতা: সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী জ্যেষ্ঠতা গণনা করা হবে।
বদলির সময়সীমা ও প্রক্রিয়া
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করে আবেদন আহ্বান করবে।
বদলির আদেশ জারির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ২০ কর্মদিবসের মধ্যে বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করতে হবে।
অবমুক্ত হওয়ার পরবর্তী ৫ থেকে ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
আর্থিক ও অন্যান্য সুবিধা
বদলিকৃত শিক্ষকদের ইনডেক্স নম্বর অনলাইনে পূর্বের প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হবে। বদলির ফলে শিক্ষকদের এমপিও এবং অন্যান্য আর্থিক সুবিধাদি ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতোই বজায় থাকবে। তবে বদলির কারণে কোনো ধরনের টিএ/ডিএ ভাতা প্রদান করা হবে না।
রহিতকরণ ও বিশেষ ক্ষমতা
এই নীতিমালা জারির সাথে সাথে এর আগে ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে জারিকৃত বদলি নীতিমালাটি বাতিল বা রহিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নীতিমালার পরিবর্তন বা পরিমার্জন করতে পারবে।

স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬



