ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা ২০২৬ । রবিবার থেকে লেনদেন বিকাল ৩টা পর্যন্ত
সারাদেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ০৫ এপ্রিল ২০২৬, রবিবার থেকে ব্যাংকগুলোতে নতুন সময়সূচি কার্যকর হবে।
শনিবার (০৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট এন্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে।
নতুন সময়সূচি অনুযায়ী:
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলোতে লেনদেন ও অফিসের সময় নিম্নরূপ হবে:
অফিস সময়: সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত।
লেনদেনের সময়: সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত।
কার্য দিবস: রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে।
সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার।
বিশেষ এলাকার জন্য নির্দেশনা
সার্কুলারে আরও উল্লেখ করা হয় যে, সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বা বুথগুলো সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগের নির্দেশনা (০৫ আগস্ট ২০১৯ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-২৪) বলবৎ থাকবে। অর্থাৎ, বিশেষ প্রয়োজনের এই এলাকাগুলো নতুন সময়সূচির আওতামুক্ত থেকে সার্বক্ষণিক সেবা প্রদান করবে।
আইনি ভিত্তি ও লক্ষ্য
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। মূলত সরকারি পরিবর্তিত অফিস সময়সূচির সাথে সমন্বয় এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল তফসিলি ব্যাংককে এই নতুন সময়সূচি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।



