মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি/কর্মস্থল পরিবর্তনে তদবির নিষিদ্ধ, কঠোর নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের
মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বদলি বা কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের তদবির না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এ নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রটি স্বাক্ষর করেন তৎকালীন সিনিয়র সচিব এবং পরবর্তীতে একই বিষয়ে মাঠ প্রশাসনের সকল পর্যায়ে নির্দেশনা বাস্তবায়নের জন্য আরেকটি স্মারক জারি করেন উপসচিব মোহাম্মদ আবদুরাই আল মাহমুদ জামান।
কেন এ নির্দেশনা
পরিপত্রে বলা হয়েছে, মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, ভূমি-সংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি ও সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য তদবির করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
মন্ত্রণালয়ের মতে, এ ধরনের তদবির সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধান পরিপন্থী। ফলে এ ধরনের কর্মকাণ্ড সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের শামিল।
প্রশাসনিক কাজে নেতিবাচক প্রভাব
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য বিভিন্ন মহলে যোগাযোগ ও তদবিরের ফলে কর্মকর্তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হয়। পাশাপাশি অফিসের স্বাভাবিক কার্যক্রম ও সেবাদান প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হয় এবং কর্মক্ষেত্রে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে।
এ কারণে মাঠ প্রশাসনের আওতাধীন সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাকে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য কোনো ধরনের তদবির থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পরিপত্রে আরও বলা হয়েছে, নির্দেশনা অমান্য করে কোনো কর্মকর্তা যদি বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য তদবির করেন, তাহলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুনরায় বাস্তবায়ন নির্দেশ
২০২৪ সালের ১০ ডিসেম্বর জারি করা মূল পরিপত্রের নির্দেশনা ২০২৬ সালের ৪ জুন পুনরায় স্মরণ করিয়ে দিয়ে মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে তা কঠোরভাবে অনুসরণের জন্য বলা হয়েছে। নতুন স্মারকে উল্লেখ করা হয়েছে, পূর্বের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মদক্ষতা বজায় রাখতে হবে।
সংশ্লিষ্টদের মতে, মাঠ প্রশাসনে বদলি সংক্রান্ত তদবির সংস্কৃতি কমিয়ে আনা এবং কর্মস্থল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই ভূমি মন্ত্রণালয় এ নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে।


