অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা রুজু
সাভার সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো: জাকির হোসেনের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণ’ হওয়ার অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। একইসাথে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অবিলম্বে মহাপরিদর্শক, নিবন্ধন (আইজিআর) কার্যালয়ে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত ০৩ মে ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। যুগ্মসচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী ‘দুর্নীতি পরায়ণ’ হওয়ার অভিযোগে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ রুজু করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, মামলার তদন্ত ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই কর্মকর্তাকে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে দ্রুত মহাপরিদর্শক, নিবন্ধন-এর কার্যালয়ে যোগদান করতে হবে। এই নির্দেশনার অনুলিপি মহাপরিদর্শক (নিবন্ধন), জেলা রেজিস্ট্রার (ঢাকা), সাভার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
বিভাগীয় মামলার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতেই মন্ত্রণালয় থেকে এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।



