বাংলাদেশ বেতারে সম্মানী পরিশোধে উৎস কর কর্তনের সুনির্দিষ্ট নির্দেশনা দিল এনবিআর
বাংলাদেশ বেতারে ‘৩২৫৭২০৬-সম্মানী’ খাতের অর্থ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা কাটা নিয়ে সুনির্দিষ্ট মতামত ও নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের কর নীতি উইং থেকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ বেতারের ২০ জুলাই ২০২৫/২০২৬ তারিখের একটি স্মারকের প্রেক্ষিতে এই মতামত জানিয়েছে রাজস্ব বোর্ড।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-২) নুসরত ফারজানা স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানী বা ফি দেওয়ার ক্ষেত্রে উৎসে করের হার ভিন্ন হবে। বিষয়গুলো আইনি বিধান অনুযায়ী নিচে তুলে ধরা হলো:
অভিনয় বা প্রোগ্রাম সংশ্লিষ্ট সম্মানী: আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৩ এর উপ-ধারা (২) অনুযায়ী—চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন কিংবা কোনো টেলিভিশন বা রেডিও প্রোগ্রামে অভিনয় করার জন্য কোনো ব্যক্তিকে partial (আংশিক) বা full (পূর্ণ) অর্থ পরিশোধকালে, পরিশোধযোগ্য বা পরিশোধিত অর্থের ওপর ১০% (দশ শতাংশ) হারে উৎসে কর কর্তন করতে হবে।
অন্যান্য সেবা, মিটিং বা ট্রেনিং ফি: চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন বা রেডিও-টেলিভিশনে অভিনয় ব্যতীত অন্য কোনো সেবা—যেমন মিটিং ফি, ট্রেনিং ফি বা সম্মানী বিলের বিপরীতে কোনো ব্যক্তিকে অর্থ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর বিধিমালা, ২০২৫ এর বিধি ৪ এর উপ-বিধি (১) এর ক্রমিক নং (৭) অনুযায়ী ২০% (বিশ শতাংশ) হারে উৎসে কর প্রযোজ্য হবে।
নিয়োজিত ব্যক্তিবর্গের বেতন: কোনো টেলিভিশন বা রেডিও প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে—আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২ এর ব্যাখ্যার দফা (ক) এর ‘বেতন’ সংজ্ঞার আওতাভুক্ত কোনো অর্থ প্রাপ্ত হলে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৮৮ (চাকrir আয় হতে উৎসে কর কর্তন) এর নির্ধারিত পদ্ধতি ও হারে উৎসে কর কর্তন করতে হবে।
বাংলাদেশ বেতারের সদর দপ্তর, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. রুবাইয়াত শামীম চৌধুরীকে এই অনুলিপি ও নির্দেশনা অবহিত করা হয়েছে। এনবিআরের এই স্পষ্টীকরণের ফলে বেতারের সম্মানী বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে কর সংক্রান্ত জটিলতা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




