সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ সালের বাৎসরিক ছুটির তালিকা সংশোধন, মোট ছুটি ৭২ দিন
দেশের সরকারি ও বেসরকারি কলেজসমূহের ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) বাৎসরিক ছুটির তালিকা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে মোট ৭২ দিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) ছুটি অনুমোদন করা হয়েছে। একই সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণির একাডেমিক কার্যক্রমের সময়সূচীও ঘোষণা করা হয়েছে।
দীর্ঘমেয়াদী ছুটিসমূহ: নতুন সংশোধিত তালিকা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে সবচেয়ে বড় ছুটি থাকছে পবিত্র রমজান, দোলযাত্রা, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে। এই ছুটি চলবে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) হতে ২৫ মার্চ (বুধবার) পর্যন্ত মোট ২৬ দিন।
এছাড়া অন্যান্য প্রধান দীর্ঘ ছুটির মধ্যে রয়েছে:
পবিত্র ঈদ-উল-আজহা: ২২ মে (শুক্রবার) হতে ০৬ জুন (শনিবার) পর্যন্ত মোট ১০ দিন।
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা: ১৮ অক্টোবর (রবিবার) হতে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ১০ দিন।
শীতকালীন অবকাশ এবং যীশু খ্রীষ্টের জন্মদিন (বড় দিন): ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) হতে ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ১১ দিন।
অন্যান্য উল্লেখযোগ্য ছুটি: তালিকায় মাঘী পূর্ণিমা (১ দিন), শব-ই-বরাত (১ দিন), শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (১ দিন), স্বাধীনতা ও জাতীয় দিবস (১ দিন), ইস্টার সানডে (১ দিন), বাংলা নববর্ষ (১ দিন), আখেরী চাহার সোম্বা (১ দিন), ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) (১ দিন), ফাতেহা-ই-ইয়াজদাহম (১ দিন), শ্রী শ্রী শ্যামা পূজা (১ দিন) এবং বিজয় দিবস (১ দিন) উপলক্ষে ছুটি রাখা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে রাখা হয়েছে ৩ দিন।
তবে শব-ই-মিরাজ, সরস্বতী পূজা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পুণ্য শুক্রবার, পুণ্য শনিবার, মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং শুভ জন্মাষ্টমীর মতো দিবসগুলো ছুটির তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও সেগুলোতে অতিরিক্ত ‘দিন সংখ্যা’ হিসেবে ছুটি বরাদ্দ রাখা হয়নি (০০ দিন)। বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসবের জন্য সংশ্লিষ্ট এলাকার জন্য ১ দিন ছুটি প্রযোজ্য হবে।
(উল্লেখ্য, তারকা চিহ্নিত ছুটিগুলোর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।)
একাডেমিক কার্যক্রমের সময়সূচী: ছুটির তালিকার পাশাপাশি নতুন প্রজ্ঞাপনে কলেজের একাডেমিক ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে:
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম: ১৫ জুন, সোমবার ২০২৬ হতে শুরু হবে।
একাদশ শ্রেণির ক্লাস: ০১ জুলাই, বুধবার ২০২৬ হতে শুরু হবে।
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা (সেশন: ২০২৫-২০২৬): ২৫ জুন, বৃহস্পতিবার ২০২৬ হতে শুরু হবে এবং ফলাফল প্রকাশ করা হবে ১৬ জুলাই, ২০২৬ তারিখে।
দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা (সেশন: ২০২৪-২০২৫): ফেব্রুয়ারি, ২০২৬-এ শুরু হয়ে মার্চ, ২০২৬-এর মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা: প্রজ্ঞাপনে শিক্ষার পরিবেশ বজায় রাখতে দুটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে: ১. কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। এমনকি পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ২. জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন—২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে, তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি বাধ্যতামূলকভাবে উদযাপন করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জামাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই আদেশটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।


