সরকারি চাকরিজীবীদের পেনশন ও গ্র্যাচুইটি: আপনার প্রাপ্য টাকা বুঝবেন যেভাবে
সরকারি চাকরি শেষে পেনশন এবং আনুতোষিক বা গ্র্যাচুইটি হলো একজন চাকুরিজীবীর শেষ জীবনের বড় অবলম্বন। তবে এই হিসাব করার সঠিক পদ্ধতিটি না জানার কারণে অনেকেই বিড়ম্বনায় পড়েন। সম্প্রতি সরকারি পেনশন নির্ধারণের মূল সূত্র এবং আনুতোষিক গণনার পদ্ধতি নিয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে। মূলত সর্বশেষ মূল বেতন (Last Basic) এবং চাকরিকালের উপর ভিত্তি করেই এই পুরো হিসাবটি সম্পন্ন হয়।
পেনশন নির্ধারণের মূল সূত্র
পেনশন গণনার ক্ষেত্রে বর্তমানে একটি নির্দিষ্ট গাণিতিক সূত্র অনুসরণ করা হয়। কোনো কর্মচারী অবসরে যাওয়ার সময় তার যে সর্বশেষ মূল বেতন থাকে, তার একটি নির্দিষ্ট অংশকে ভিত্তি ধরে মাসিক পেনশন নির্ধারণ করা হয়।
সূত্রটি হলো: মাসিক পেনশন = (সর্বশেষ মূল বেতন × চাকরিকাল অনুযায়ী নির্ধারিত হার) ÷ ২
বর্তমানে বাংলাদেশে ২৫ বছর বা তার বেশি চাকরিকালের জন্য সর্বোচ্চ ৯০% হারে পেনশন প্রদান করা হয়। অর্জিত এই মূল পেনশনের অর্ধেক (৫০%) সরকার এককালীন ‘গ্র্যাচুইটি’ হিসেবে দিয়ে দেয় এবং বাকি অর্ধেক মাসিক পেনশন হিসেবে প্রদান করা হয়।
আনুতোষিক বা গ্র্যাচুইটি নির্ধারণ পদ্ধতি
অবসরের পর এককালীন যে মোটা অংকের টাকা পাওয়া যায়, তাকেই আনুতোষিক বা গ্র্যাচুইটি বলা হয়। এর সূত্রটি মাসিক পেনশনের সাথে সম্পর্কিত।
সূত্র: মোট আনুতোষিক = (মাসিক পেনশনের অর্ধেক) × আনুতোষিক হার
বর্তমানে সরকারি বিধি মোতাবেক প্রতি ১ টাকা পেনশনের বিপরীতে আনুতোষিক হার ২৩০ টাকা।
একটি বাস্তব উদাহরণ: পেনশনের বিস্তারিত হিসাব
ধরা যাক, একজন সরকারি কর্মচারী ২৭ বছর ৫ মাস চাকরি শেষে অবসরে গেছেন। অবসরের সময় তার সর্বশেষ মূল বেতন ছিল ৪৮,০৫০ টাকা।
১. মাসিক পেনশন হিসাব: যেহেতু তিনি ২৫ বছরের বেশি চাকরি করেছেন, তাই তিনি ৯০% হারে পেনশন পাবেন।
হিসাব: 48,050 *90% = 43,245 টাকা।
সূত্র অনুযায়ী অর্ধেক: 43,245 \ 2 = 21,622.5 টাকা (পূর্ণ সংখ্যায় ২১,৬২২ টাকা)।
২. চিকিৎসা ভাতার সংযুক্তি: পেনশনাররা মাসিক পেনশনের সাথে বর্তমানে ১,৫০০ টাকা করে চিকিৎসা ভাতা পান। (উল্লেখ্য, ৬৫ বছর বয়সোর্ধ্ব হলে এই ভাতা ২,৫০০ টাকা হয়)।
মোট মাসিক পেনশন: 21,622 + 1,500 = 23,122 টাকা।
৩. আনুতোষিক বা এককালীন গ্র্যাচুইটি হিসাব: তার মাসিক পেনশনের যে অর্ধাংশ (২১,৬২২ টাকা) এককালীন সমর্পণ করা হয়েছে, তার সাথে নির্ধারিত ২৩০ হার গুণ করতে হবে।
এককালীন প্রাপ্ত টাকা: 21,622 * 230 = 49,73,060 টাকা।
সারসংক্ষেপ
বিশ্লেষণ অনুযায়ী, ৪৮,০৫০ টাকা মূল বেতনধারী একজন কর্মচারী ২৭ বছরের বেশি চাকরি করলে অবসরের সময় এককালীন ৪৯ লক্ষ ৭৩ হাজার ৬০ টাকা গ্র্যাচুইটি পাবেন এবং প্রতি মাসে নিয়মিত ২৩,১২২ টাকা (চিকিৎসা ভাতাসহ) পেনশন ভোগ করবেন।
বিশেষজ্ঞদের মতে, এই সহজ হিসাব পদ্ধতিটি জানা থাকলে অবসরের আগে প্রত্যেক চাকুরিজীবী তাদের আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সাজাতে পারবেন। এছাড়াও প্রতি বছর ইনক্রিমেন্টের সাথে সামঞ্জস্য রেখে এই পেনশনের অংকও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।


