প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন নির্দেশিকা ২০২৬ জারি: এক নজরে সব নিয়ম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় । নতুন এই নির্দেশিকা জারির ফলে ২০২৩ সালের আগের নির্দেশিকাটি বাতিল বলে গণ্য হবে ।
শিক্ষক বদলির সময়কাল ও মাধ্যম
নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন । আন্তঃউপজেলা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এমনকি সারাদেশে এই প্রক্রিয়ায় বদলি হওয়া যাবে । তবে মাঠ পর্যায়ের অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আবেদনের সময়কাল নির্ধারণ করা হয়েছে প্রতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ।
বদলির সাধারণ শর্তাবলী
নির্দেশিকা অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের বদলির ক্ষেত্রে কিছু মৌলিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে:
চাকরির মেয়াদ: সহকারী শিক্ষকদের ক্ষেত্রে চাকরিতে ন্যূনতম ২ বছর পূর্ণ হলে এবং পদ শূন্য থাকলে বদলির আবেদন করা যাবে । প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও পদোন্নতি প্রাপ্তির পর ২ বছর পূর্ণ হওয়া আবশ্যক ।
পুনঃবদলির সময়সীমা: একবার বদলি হওয়ার পর পরবর্তী ৩ বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক পুনরায় বদলির জন্য বিবেচিত হবেন না । কর্মচারীদের ক্ষেত্রে এই সময়সীমা ২ বছর ।
শিক্ষক-শিক্ষার্থী অনুপাত: যেসব বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৫ জন বা তার কম অথবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি, সেখান থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না ।
অগ্রাধিকার পাবেন যারা
উপজেলা বা থানার মধ্যে একাধিক প্রার্থী থাকলে অগ্রাধিকার নির্ধারণে কিছু বিশেষ বিষয় বিবেচনা করা হবে: ১. স্বামীর মৃত্যু । ২. বিবাহ বিচ্ছেদ (নারী শিক্ষকদের ক্ষেত্রে) । ৩. নিজের বা সন্তানের/স্ত্রীর প্রতিবন্ধিতা । ৪. বর্তমান কর্মস্থলে চাকুরির মেয়াদ ও লিঙ্গ । ৫. দূরত্বের ভিত্তিতে অগ্রাধিকার (অন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে) ।
বিশেষ ক্ষেত্রে বদলি ও সংযুক্তি
স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি: বিবাহিত শিক্ষকরা স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় শূন্য পদের বিপরীতে বদলি হতে পারবেন। তবে সমগ্র চাকরিকালে এই সুযোগ পাওয়া যাবে মাত্র একবার ।
দুরারোগ্য ব্যাধি: ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস বা জন্মগত হৃদরোগের মতো গুরুতর অসুস্থতার ক্ষেত্রে সিভিল সার্জনের প্রত্যয়ন সাপেক্ষে বছরের যেকোনো সময় বদলি বা সংযুক্তি প্রদান করা যাবে ।
পারস্পরিক বদলি: যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং পিআরএল-এ যাওয়ার অন্তত ১ বছর আগে শিক্ষক বা কর্মকর্তারা পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন ।
প্রশাসনিক ও বিভাগীয় নিয়ম
সিটি কর্পোরেশন এলাকা: কোনো উপজেলার অংশবিশেষ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে সম্পূর্ণ উপজেলাকেই সিটি কর্পোরেশন ইউনিট হিসেবে গণ্য করা হবে ।
শৃঙ্খলাজনিত বদলি: আচরণবিধি লঙ্ঘন বা শৃঙ্খলাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো সময় প্রশাসনিক বদলি করতে পারবেন ।
পার্বত্য জেলা: এই নির্দেশিকাটি রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার শিক্ষকদের জন্য কার্যকর হবে না ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে আগামী এক মাসের মধ্যে অনলাইন বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারটি হালনাগাদ করার নির্দেশ প্রদান করা হয়েছে । সফটওয়্যার প্রস্তুত না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অফলাইনে বদলি কার্যক্রম চলবে ।



