৯ম পে স্কেল নিউজ ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার। ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই নতুন বেতনস্কেল এবং সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ অনুমোদিত হয়, যা চলতি বছরের ১ জুলাই ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেতনস্কেল প্রণয়নের পটভূমি

জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি-২০২৫ এর প্রতিবেদন পাওয়ার পর সরকার সেগুলোর ভিত্তিতে সুপারিশ প্রণয়নের জন্য একটি সচিব কমিটি গঠন করেছিল। উক্ত সচিব কমিটির দাখিল করা প্রতিবেদন মন্ত্রিপরিষদ বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান এবং একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর প্রয়োজনীয়তা বিবেচনা করেই মন্ত্রিসভা এই নতুন বেতনস্কেল অনুমোদন করেছে।

মূল বেতন ও গ্রেড কাঠামো

অনুমোদিত নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখেই মূল বেতন পুনর্বনির্ধারণ করা হয়েছে।

  • সর্বনিম্ন মূল বেতন: ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা।

  • সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন: ১ম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা।

  • বৈষম্য হ্রাস: ন্যায়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান ১:১.৯৫০ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।

পেনশনের ক্ষেত্রে স্লাভভিত্তিক বিশেষ বৃদ্ধি

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ বা One Rank One Pension (OROP) পদ্ধতি প্রবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে একযোগে এটি বাস্তবায়ন এবং অসামরিক ক্ষেত্রে ২০১৯ সালের পূর্বের অবসরপ্রাপ্তদের সঠিক তথ্য না থাকায় ওরাপ (OROP) পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর বিকল্প হিসেবে বয়স্ক ও অবসরপ্রাপ্ত পেনশনারদের জীবনযাত্রার মান ও আর্থিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে স্লাভভিত্তিক নিট পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে:

  • ৯,০০০ টাকা বা তদূর্ধ্ব: ১০০ শতাংশ বৃদ্ধি।

  • ৯০০০১ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত: ৭৫ শতাংশ বৃদ্ধি।

  • ২০,০০১ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত: ৬৫ শতাংশ বৃদ্ধি।

  • ৩০,০০১ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত: ৬০ শতাংশ বৃদ্ধি।

  • ৪০,০০১ টাকা বা তদূর্ধ্ব: ৫৫ শতাংশ বৃদ্ধি।

এর ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম নিট পেনশন পাওয়া প্রবীণরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

বিশেষ সুবিধা ও ভাতা সম্প্রসারণ

  • প্রতিবন্ধী সন্তান ভাতা: প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি সন্তানের জন্য মাসিক ৩,০০০ টাকা এই ভাতা প্রদান করা হবে।

  • মোবাইল ভাতা: ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে মোবাইল ভাতার আওতা সম্প্রসারিত করা হয়েছে। এতদিন শুধু ৫ম গ্রেডের কর্মচারীরা এই সুবিধা পেলেও এখন থেকে সকল গ্রেডের কর্মচারীগণ মোবাইল ভাতা পাবেন।

ধাপে ধাপে বাস্তবায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

বেতনস্কেল বাস্তবায়নের আর্থিক সংশ্লেষ ও সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় সরকার পুরো বেতনস্কেল একযোগে কার্যকর না করে চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮—এই দুই অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

  • বাস্তবায়ন বিন্যাস: ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রধিকার দিয়ে ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭ এর মধ্যে মোট তিনটি ধাপে মূল বেতন বাস্তবায়ন করা হবে। ভাতাগুলো ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।

  • বিচার বিভাগ: জুডিসিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠিত হয়েছে এবং তাদের প্রতিবেদন সাপেক্ষে জুডিসিয়াল বেতনস্কেলও ১ জুলাই ২০২৬ থেকে সমান্তরালভাবে ধাপে ধাপে কার্যকর করা হবে।

আর্থিক সংশ্লেষ ও বাজেট বরাদ্দ

নতুন এই বেতনস্কেল বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এর ফলে সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা, যার সংস্থান Medium Term Budget Framework (MTBF) অনুযায়ী সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে রাখা হয়েছে।

সরকার আশা করছে, নতুন এই বেতনস্কেল সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি একটি দক্ষ, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বেতনস্কেল সুষ্ঠুভাবে বাস্তবায়নে অর্থ বিভাগ থেকে খুব শীঘ্রই প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করা হবে।

Source File: পে স্কেল নিয়ে প্রেস বিজ্ঞপ্তি ২০২৬

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *