৯ম পে স্কেল নিউজ ২০২৬

১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চান সরকারি কর্মচারীরা: দ্রুত প্রজ্ঞাপনের দাবি

আগামী ১ জুলাই থেকেই নবম জাতীয় পে স্কেলের শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। আজ শুক্রবার (২৬ জুন) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আল্টিমেটাম দেওয়া হয়। দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ এবং হতাশা বিরাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কল্যাণ সমিতির নেতারা জানান, সচিব কমিটির মিটিং নিয়ে কর্মচারী অঙ্গনে তীব্র অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত চূড়ান্ত সুপারিশ প্রদানের দাবিসহ অনুরোধ জানিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে নেতারা বলেন, “বাজারে গেলে কান্না আসে, ধারদেনায় র্জরিত সব কর্মচারী দিন দিন হতাশ হচ্ছেন।” এমতাবস্থায়, পে স্কেল ধাপে ধাপে নয়, বরং সকল গ্রেডে একবারে বাস্তবায়নের দাবি আদায়ে তারা বদ্ধপরিকর।

সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, নানা জল্পনা-কল্পনা এবং দাবি দাওয়া নিয়ে কল্যাণ সমিতির দীর্ঘ সংগ্রাম চললেও, বিবেচ্য বিষয় হলো মূল বেতন যেন সকল গ্রেডে একবারেই কার্যকর হয়। কর্মচারীদের সুবিধা দেওয়ার পরিবর্তে বিগত সরকার সুবিধা হরণ করেছে বলে অভিযোগ করে তারা বলেন, হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফেরত চান কর্মচারীরা। এছাড়াও, ২৫ বছরের পরিবর্তে ২০ বছরে পূর্ণ পেনশন নিয়ে স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়, যা সরকারের জন্য লাভজনক হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি করবে বলে তারা মনে করেন।

বিশেষ করে ব্লক পদে যারা একই পদে ৮-১০ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করছেন, কিন্তু পদোন্নতির সুযোগ নেই, তাদের জন্য ২০১৫ সালের নিয়ম বাতিলের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, “এই নিয়ম চলতে পারে না। ২০১৫ সালের নিয়ম অনুযায়ী, একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যে নামেই হোক, দুইটা পেলে সে আর গ্রেড পরিবর্তনের সুযোগ পাবে না।” এই নিয়মের সংশোধন করে ব্লক পদে দীর্ঘকাল চাকরি করার পর ১১তম বছরে পরবর্তী উচ্চ গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ চেয়েছেন তারা।

পেনশন গ্রাচুইটি ২৩০ টাকার পরিবর্তে কমপক্ষে ৪০০ টাকা করার দাবিসহ সময়োপযোগী সব ভাতা আপডেট করার দাবিও উত্থাপন করা হয়। দ্রুত প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের হতাশা দূর করা এবং স্বচ্ছলভাবে জীবনযাপন করে কর্মসম্পাদন করার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *