পেনশন বৃদ্ধি ২০২৬: ২০ হাজার টাকার নিচে যাদের, তাদের পেনশন কত বাড়বে?
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বহুল প্রতীক্ষিত ‘এক গ্রেড এক পেনশন’ বা ওআরওপি (OROP) পদ্ধতি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলেও, এর অন্তর্বর্তীকালীন বিকল্প ব্যবস্থা হিসেবে নিট পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিশেষ করে যেসব অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক পেনশন কম, তাঁদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত করতে স্ল্যাবভিত্তিক এই পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
২০ হাজার টাকার নিচে যাদের পেনশন, তাদের কত বাড়বে?
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ হাজার টাকার নিচে নিট পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য পেনشনের বৃদ্ধির হারকে দুটি আলাদা স্ল্যাবে ভাগ করা হয়েছে:
৯,০০০ টাকা বা তনিম্ন: যাঁদের মাসিক নিট পেনশন ৯,০০০ টাকা বা তার কম, তাঁদের নিট পেনশন সরাসরি ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ তাঁদের বর্তমান নিট পেনশনের সমপরিমাণ অর্থ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হতে পারে।
৯,০০১ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত: যাঁদের নিট পেনশন ৯,০০১ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত, তাঁদের ক্ষেত্রে নিট পেনশন ৭৫ শতাংশ বৃদ্ধি পাবে।
অন্যান্য স্ল্যাবে পেনশন বৃদ্ধির হার
কম আয়ের পেনশনভোগীদের পাশাপাশি তুলনামূলক উচ্চ স্ল্যাবের পেনশনধারীদের জন্যও বৃদ্ধির হার নির্ধারিত হয়েছে:
২০,০০১ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত: ৬৫ শতাংশ বৃদ্ধি।
৩০,০০১ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত: ৬০ শতাংশ বৃদ্ধি।
৪০,০০১ টাকা বা তদূর্ধ্ব: ৫৫ শতাংশ বৃদ্ধি।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে যেসব প্রবীণ কর্মচারী দীর্ঘকাল আগে অবসরে গেছেন এবং বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম নিট পেনশন পাচ্ছিলেন, তাঁরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং কিছুটা হলেও অর্থনৈতিক স্বস্তি ফিরে পাবেন।




